এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও, তা হচ্ছে না। পূর্বের মৌসুমগুলোর মতোই ঢাকা পর্ব দিয়েই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পর্যটন মৌসুমে সিলেটে পর্যাপ্ত হোটেল সুবিধা নিশ্চিত করতে না পারার কারণেই এই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
গভর্নিং কাউন্সিলের ওই সদস্য বলেন, “যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছে। এ জন্য আমরা মিরপুরেই টুর্নামেন্ট শুরু করব।”
শুরু: আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় বিপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
সময়সূচি: ২৬ ও ২৭ ডিসেম্বর টানা দুই দিন মিরপুরে খেলা হবে। এরপর একদিন বিরতি থাকবে এবং ২৯ ও ৩০ ডিসেম্বর আবার ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিলেট পর্ব: সিলেট পর্ব শুরু হবে আগামী ৩ জানুয়ারি থেকে।
এর ফলে ২০১৭ সালের পর বিপিএল-এর কোনো মৌসুম মিরপুরের বাইরে, অর্থাৎ সিলেটে শুরু হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা টুর্নামেন্ট শুরুর আগেই বাতিল হলো। এই পরিবর্তনের কারণে বিপিএল-এর শুরু এক সপ্তাহ পেছানোর পাশাপাশি ভেন্যুও পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

