সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ পর্ব। লিগ পর্ব শেষ হওয়ার পর চার দল—রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস ও রংপুর রাইডার্স—ফাইনালে ওঠার দৌড়ে টিকে আছে। এই চার দলের মধ্য থেকেই নির্ধারিত হবে এবারের দুই ফাইনালিস্ট।
ঢাকা পর্বের শুরুতে বিপিএল ঘিরে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও তা দ্রুত কেটে যায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় লিগ পর্ব। রাউন্ড রবিন লিগে মোট ২৯টি ম্যাচ শেষে আজ শুরু হচ্ছে নকআউট লড়াই।
আজ দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে দুপুর ১টায় মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রংপুর রাইডার্স। এই ম্যাচে হেরে যাওয়া দল সরাসরি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, আর জয়ী দল পাবে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ।
সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। এতে মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্স ও দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম রয়্যালস। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, এলিমিনেটরের জয়ী দলের বিপক্ষে।
এবারের বিপিএলে শুরু থেকেই আলোচনায় ছিল লো-স্কোরিং ম্যাচ। পুরো লিগ পর্বে কোনো দলই ২০০ রানের ঘর ছুঁতে পারেনি। ব্যাটারদের সংগ্রাম, প্রতিযোগিতার ঘাটতি এবং কিছু ম্যাচে আগেভাগেই ফল স্পষ্ট হয়ে যাওয়ায় দর্শকদের মধ্যে হতাশাও দেখা গেছে। টুর্নামেন্টের ব্যবস্থাপনা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
তবে সবকিছুর পরও প্লে-অফ পর্বে জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় আছেন ক্রিকেটপ্রেমীরা। নকআউট ম্যাচের উত্তেজনায় বিপিএল নতুন করে প্রাণ পাবে—এমনটাই আশা সবার।

