আবুল হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আম বাগান থেকে শিহাব আলী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে শিবগঞ্জ পৌর এলাকার চন্ডিপুরের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত শিহাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রমের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় তাঁর খালার বাড়িতে থাকতেন। খালার বাড়িতে থেকে বিদেশ যাওয়ার জন্য জাপানি ভাষা শিখছিলেন।
তিনি জানান, জানান, শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। শনিবার বিকালে চন্ডিপুরের একটি আম বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। শিহাবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।ঘটনা উদঘাটনে তদন্ত করে দেখছে পুলিশ।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নেশা জাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ পাওয়া গেছে। হত্যার আগে শিহাবসহ হত্যাকারীরা মাদক গ্রহণ করে থাকতে পারেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

