সত্যজিৎ দাস :
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় নিহত প্রবাসী সালেহ আহমেদ আলীর মরদেহ সোমবার (১০ মার্চ) দেশে পৌঁছেছে। দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিজ হাতে লাশ গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এর আগে সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছায় আহমেদ আলীর মরদেহ। ঢাকায় লাশ গ্রহণে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। মরদেহ দেশে আনার প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাস গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে।
জানা গেছে,আহমেদ আলী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকার বাসিন্দা। গত ২৮ ফেব্রুয়ারি তিনি আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। সেখানে তিনি পানি সরবরাহের গাড়ি চালাতেন। তাঁর ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদ মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছে দেন।
ঢাকা থেকে সিলেটের মৌলভীবাজারে মরদেহ পৌঁছানো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে। আহমেদ আলীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
এই ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবকে আবারও তুলে ধরেছে।

