সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এম সায়েদ আলী-কে ১৬ হাজার ৫৬৮ ভোটে পরাজিত করেন। এ জয়ের মধ্য দিয়ে প্রায় ৩০ বছর পর আসনটি পুনরুদ্ধার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়:শওকতুল ইসলাম শকু (ধানের শীষ)-৬৭,৭২১ ভোট,এম সায়েদ আলী (দাঁড়িপাল্লা)-৫১,১৫৩ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে:স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ (কাপ-পিরিচ)-২৫,২৭২,স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল)- ১৩,৬১৪,স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা (ঘোড়া)-২,১৩৩,বাসদ (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি)- ৫৭৪,ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল কুদ্দুস (হাতপাখা)-৫০২,জাতীয় পার্টি প্রার্থী মো. আব্দুল মালিক (লাঙ্গল)-৪৮১।
মোট ভোটার: ২,৯৭,৪২৯;প্রদত্ত ভোট: ১,৬৫,৯৭৬,বৈধ ভোট: ১,৬১,৪৫০,বাতিল ভোট: ৪,৫২৬,ভোটদানের হার: ৫৫.৮০%৷ গণভোটে: ‘হ্যাঁ’- ৮০,৮৩৪,‘না’-৬৭,৩০৫।
ফলাফল ঘোষণার পর কুলাউড়া উপজেলা জুড়ে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাজারো নেতাকর্মী বিজয় মিছিল ও সমাবেশে অংশ নেন।
নবনির্বাচিত এমপি শওকতুল ইসলাম শকু উপস্থিত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,এ বিজয় কুলাউড়াবাসীর সম্মিলিত বিজয়। দল-মত নির্বিশেষে তিনি সবার প্রতিনিধি হয়ে কাজ করার অঙ্গীকার করেন। বিশেষভাবে চা-বাগানের শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সমর্থনকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী এম এম শাহীন এ আসনে জয়ী হয়েছিলেন। এরপর জুন ১৯৯৬-এর নির্বাচন থেকে পরবর্তী ছয়টি নির্বাচনে আসনটি বিএনপির দখলে ছিল না-দুইবার আওয়ামী লীগ,একবার জাতীয় পার্টি,দুইবার স্বতন্ত্র এবং একবার গণফোরাম প্রার্থী বিজয়ী হন।
দীর্ঘ তিন দশক পর শওকতুল ইসলাম শকুর এ জয়ের মাধ্যমে আসনটি আবারও বিএনপির ঘরে ফিরল।

