কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জের ৪টি আসনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয় লাভ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাপ্ত তথ্য থেকে এমন তথ্য পাওয়া গেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ফল ঘোষণা করেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত টানা বিরামহীন শান্তিপূর্ণভাাবে চলে ভোট গ্রহণ কার্যক্রম। ভোটকে কেন্দ্র করে কোথাও কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায় নি। শুধু বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে।
সেখান একজনকে ২ বছরের জেল দেয়া হয়েছে। জানা যায়, হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরে রিকশা প্রতিকে পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট, এ আসনে স্বতস্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট। হবিগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট। হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমদ দাড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৪৫ হাজার ৫৬৮ ভোট।
হবিগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট, এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আব্দুল কাদের দেয়াল ঘড়ি মার্কায় পেয়েছেন ২৬ হাজার ৪৬৬ ভোট।

