সম্প্রতি বেগম রোকেয়া দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনাবলীর কিছু উক্তি খণ্ডিত আকারে তুলে ধরেন।
পোস্টের শিরোনাম ছিল—“আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন”, যা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ ঘটনার নিন্দা জানান।
রিজভী বলেন, “বাঙালি মুসলিম নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ আখ্যা দেওয়া দুঃখজনক। এতে দেশের সমাজে অন্ধকার কালো শক্তির উত্থান ঘটছে কি না সে সংশয় তৈরি হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদ থেকে মুক্তির পর নতুন কালো শক্তির উত্থান হচ্ছে কি না, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যারা ধর্মকে পুঁজি করে আধিপত্য বিস্তার করতে চায়, সেসব কালো শক্তিকে রুখতে হবে।”
উল্লেখ্য, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালি নারী শিক্ষার পথিকৃৎ ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তার প্রতি এমন আক্রমণ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

