মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু করে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আজাদমোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে মিছিলে ‘এই দেশ সেই দেশ শহীদ জীয়ার বাংলাদেশ’, ‘হাদির ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘জুলাই যোদ্ধা আহত কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘বিপ্লবীরা আহত কেন, ইন্টেরিম জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল শেষে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বলেন, রিভলবার দিয়ে যে ছেলেটি শরিফ ওসমান হাদির উপর গুলি করেছে, ইতিমধ্যে প্রশাসন কিন্তু তদন্ত সাপেক্ষে বলেছে, এই সন্ত্রাসী বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং বর্তমানে সে ছাত্র শিবিরের সাথে জড়িত। সন্ত্রাসী কার্যক্রম কারা করছে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ বুঝে গেছে।
তিনি আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আসাকে বাধাগ্রস্ত করার জন্য দেশের সংসদ পদ প্রার্থীদের উপর আওয়ামী লীগ ও জামায়াতের সন্ত্রাসীরা হামলা করছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরদিনই এ ধরনের ঘটনাকে দেশের জন্য অশনিসংকেত। যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বর্তমানে যারা নির্বাচন চায়না, যারা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত এই হামলার সাথে তারাই সম্পৃক্ত।
তিনি আরও বলেন, ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ এবং জামায়াত অনুমানিক একশ এমপি প্রার্থীকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র মানুষ মেনে নিবে না। নির্বাচন এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে। এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
বিক্ষোভ মিছিলে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন সরকার, ফরিদ আলম, যুবদলের সদস্য সচিব সজীব কবির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রব্বানী, ছাত্র দলের আহবায়ক রেজবি আহমেদসহ কৃষক দল, মহিলা দল, জিয়া পরিষদের নেতাকর্মী ছাড়াও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

