ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে নির্ধারিত নির্বাচনী জনসভা স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারির পূর্বঘোষিত সমাবেশটি আর অনুষ্ঠিত হচ্ছে না।
রিজভী জানান, সমাবেশের পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসনের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য দিতে পারেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুসহ কেন্দ্রীয় হল সংসদের কয়েকজন নির্বাচিত ছাত্রনেতা বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন।

