আনিসুর রহমান, সাভার প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভারে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও আবেগ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকেই সাভার-ঢাকা–আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জাতীয় পতাকা হাতে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এক নজর তারেক রহমানকে দেখার আশায় তাঁরা দীর্ঘ সময় ধরে সড়কের পাশে অপেক্ষা করেন।
এদিকে সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় তারেক রহমানের পক্ষে বিএনপির শীর্ষ নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, স্মৃতিসৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদনের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই উপস্থিত হওয়া সম্ভব না হওয়ায় বিকাল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান এবং লুৎফুজ্জামান বাবর। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
সাভারের রেডিকলোনী এলাকায় অবস্থানকালে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম জানান, দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে আগমন বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম বলেন, “দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন আমাদের জন্য আবেগ ও প্রত্যাশার বিষয়।
তাঁর এক ঝলক দেখার আশায় সাভার-ঢাকা–আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দুপুর থেকেই আমরা জাতীয় পতাকা হাতে অপেক্ষা করছি। আজ জাতীয় স্মৃতিসৌধে তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন আমাদের কাছে প্রতীকী ও তাৎপর্যপূর্ণ। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বেই ছাত্রসমাজ রাজপথে থাকবে।”
সাভার ও আশপাশের এলাকায় দিনভর নেতাকর্মীদের অবস্থান ও অপেক্ষা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

