রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর চারঘাট উপজেলায় ইসলামী জালসার প্রধান অতিথি করা নিয়ে নিজ দলীয় কর্মীদের মারপিটে এক বিএনপির নেতা নিহত হয়েছেন। রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থকরা ওই বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করে।
নিহতের নাম এরশাদ আলী (৬৫)। তিনি চারঘাট সিপাইপাড়া গ্রামের বাসিন্দা ও ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য।
তিনি রাজশাহী-৬ আসনের এমপি আবু সাঈদ চাঁদের অনুসারী ছিলেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে একটি ইসলামী জলসা আয়োজন করার ব্যাপারে আলোচনা করছিলেন। এ সময় আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন সাইদুর রহমানসহ তার অনুসারীরা। অপরদিকে এমপি আবু সাঈদ চাঁদকেই প্রধান অতিথি করার প্রস্তাব করেন এরশাদ আলীসহ তার সমর্থকরা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়।
রাত ১০টার পর তারাবীর নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন এরশাদ আলী। এ সময় এক চায়ের দোকানে বসে ছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থক সাইদুর রহমান, গাজী, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ কয়েকজন। তারা এরশাদ আলীকে দেখা মাত্র লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা এরশাদ আলীর মরদেহ বাড়ি নিয়ে যান।
এসআই সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে রাত ১১টার দিকে এরশাদ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। অভিযুক্তরা ঘটনার পরই পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় হত্যা মামলাও হবে।

