মো. আফজাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি-জমিয়ত জোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ স্মরণকালের অন্যতম অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হিসেবে ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।
জেলার ১২টি উপজেলার ৮৮টি ইউনিয়নের ৭২০টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২০ লাখ ৮০ হাজার ২৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৬০ হাজার ৫৪ জন, নারী ভোটার ১০ লাখ ২০ হাজার ১৪৯ জন এবং ৩২ জন হিজড়া ভোটার ছিলেন। বেসরকারি ফলাফলে দেখা গেছে, পাঁচটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এসব আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন স্বতন্ত্র ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
সুনামগঞ্জ জেলার ৫টি আসনে বিএনপির বিজয়ী প্রার্থীরা হলেন – সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে ১ লাখ ৬৪ হাজার ২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামরুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা আমীর উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট।
সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৭৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এডভোকেট শিশির মোহাম্মদ মনির পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার আনোয়ার হোসেন পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট। সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট মোহাম্মদ সামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট৷ সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুস সালাম মাদানী পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।
বড় ব্যবধানের জয় জেলার পাঁচ বিজয়ীর মধ্যে সর্বাধিক ৫৪ হাজার ৬৮২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কলিম উদ্দিন আহমদ মিলন। এছাড়া নাছির উদ্দিন চৌধুরী জয়ী হয়েছেন ৩৯ হাজার ৯৩২ ভোটের ব্যবধানে। বিএনপি প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া বলেন, সবকটি আসনেই বিএনপি প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। চূড়ান্ত ও বিস্তারিত পরিসংখ্যান প্রকাশে কিছুটা সময় লাগবে।বিএনপি নিরঙ্কুশ বিজয়ের ব্যাপারে বিজয়ী প্রার্থীরা জানান, এই বিপুল বিজয়ের পেছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পাশাপাশি সংখ্যালঘু ভোটারদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সুনামগঞ্জের সচেতন মহলের মতে, এই ফলাফল সুনামগঞ্জের রাজনীতিতে একটি সুস্পষ্ট বার্তা বহন করছে এবং আগামী দিনের জাতীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে বলেই ধারণা করা হচ্ছে।