কুমিল্লা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও তার প্রার্থিতা টেকেনি।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দেন। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকল।
এর আগে, ঋণ খেলাপির অভিযোগে গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট দায়ের করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়। পরে আপিল বিভাগের শরণাপন্ন হলেও সেখানেও স্বস্তি পাননি তিনি।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সীর প্রধান প্রতিদ্বন্দ্বী। ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ নিজেই।
