বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় শান্তি, শৃঙ্খলা এবং ভাবগাম্ভীর্য বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।
তিনি জানিয়েছেন, জানাজা ও দাফনকে সামনে রেখে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট ও মিরপুর রোড পর্যন্ত প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি জানিয়েছে, সরকারের পক্ষ থেকে সকল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা যথাযথভাবে প্রতিপালন করা হবে।
মির্জা ফখরুল আরও জানান, খালেদা জিয়ার জানাজা পাঠ করাবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজ শেষে ঢাকার জাতীয় সংসদ ভবনের মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেলা দুইটায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকেল আনুমানিক সাড়ে তিনটায় দাফন সম্পন্ন হবে।
জানাজায় সাধারণ জনগণ অংশগ্রহণ করতে পারবে, তবে দাফনের সময় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এছাড়া জানাজায় অংশ নেওয়ার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না বলে সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

