ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দুই দশক পর সরকার গঠনের সম্ভাবনা থাকলে বিএনপি দেশের জন্য কী কী করবে, তা এবার সরাসরি জাতির সামনে তুলে ধরছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে ৫১ দফার নির্বাচনি ইশতেহার সাজানো হয়েছে। এ ইশতেহারে ৯টি অগ্রাধিকার ক্ষেত্রকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করছেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। স্বাগত বক্তব্য রাখবেন কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জাতীয় সংসদ নির্বাচনে এবারের জন্য নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এটি তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। এর আগে পঞ্চম থেকে নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্বে ছিলেন তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া, যিনি তখন ইশতেহার প্রকাশ করতেন।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে অংশ নিলেও চেয়ারপারসন তখন কারাবন্দি ছিলেন। সেই সময় ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দশম ও দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি ভোট বয়কট করেছিল শেখ হাসিনার সরকারের অধীনে।

