হাসপাতালের বহির্বিভাগে ভিড় এড়াতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কর্তৃপক্ষ।
বুধবার (১ এপ্রিল) বিএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানান, রোগীদের অনলাইনে টিকিট কেটে প্রিন্ট করে নিয়ে আসলে নির্ধারিত সময়ে সরাসরি চিকিৎসকের কাছে যেতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিও কমবে।
এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান রোগীদের এই পদ্ধতি অনুসরণের অনুরোধ জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, গত ৩১ মার্চ পর্যন্ত প্রায় এক লাখ রোগী অনলাইন টিকিটের মাধ্যমে চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী বিএমইউর ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন।
বিএমইউর বহির্বিভাগ-১ ও ২-এ এই সেবা চালু রয়েছে এবং দিন দিন অনলাইন পদ্ধতিটি আরও জনপ্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

