মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:
রাজৈর উপজেলা-এ নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহফুজুল হক। শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়। পরে এমপি উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।
সভায় রাজৈর উপজেলার সার্বিক উন্নয়ন চিত্র, চলমান সরকারি প্রকল্পসমূহের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরেন।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া তার বক্তব্যে বলেন,
“উপজেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনসেবা যেন দ্রুত ও হয়রানিমুক্তভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে কর্মকর্তাদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সুসমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে সকলকে দলমত নির্বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন শেখ আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রাজৈর থানা; ডা. মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; মোঃ ফজলুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; বাদশাহ ফয়সাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা; বিভিন্ন দপ্তরের
কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এবং স্থানীয় সংবাদকর্মীরা।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করা এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

