মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) পরিচালিত এক অভিযানে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশে গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে রিভারঘাট পোস্টের হাবিলদার মোঃ রুস্তম আলীর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনী এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ১৯৬.৬৯ ঘনফুট অবৈধ চোরাচালানী সেগুন কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৮,৪৫,৭৬৭ টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের আওতাধীন এলাকায় নিয়মিতভাবে চোরাচালানবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন নতুন কৌশলে চোরাচালান কার্যক্রম জোরদার করায় বিজিবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও আভিযানিক টহল জোরদার করেছে। ভবিষ্যতেও চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

