জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর বিশেষ টহলদল অভিযানে একজন আসামিসহ দুটি অবৈধ কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ০৫ মিনিটে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক, অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর ব্যাটালিয়ন থেকে বিশেষ টহলদল নিয়ে জয়পুরহাট জেলার সদর উপজেলার হিচমী বাইপাস এলাকায় গোবিন্দগঞ্জ–জয়পুরহাট সড়ক সংলগ্ন কমর গ্রামে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে একটি নির্জন স্থানে সাদা প্লাস্টিকের বস্তা হাতে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির পরিচয় মোঃ শহিদুল ইসলাম। জিজ্ঞাসাবাদে সে সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারায় বস্তাটি তল্লাশি করা হলে ভেতর থেকে দুটি অবৈধ কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। পরবর্তীতে সে মূর্তিগুলো পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।
উদ্ধারকৃত মূর্তিগুলোর মধ্যে বড় মূর্তিটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোটটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। সর্বমোট ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম। জব্দকৃত কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭০ হাজার টাকা।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

