বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের দূর্গম দোপানীছড়ায় গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩১ মার্চ) রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) এর উদ্যোগে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি’র নেতৃত্বে অধীনস্থ দোপানীছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দোপানীছড়া পাড়ায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনে স্থানীয় গরীব ও অসহায় পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধসহ মোট ২৫ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের পাশাপাশি স্থানীয় শিশুদের মাঝে উপহার সামগ্রীও বিতরণ করা হয়।
এ বিষয়ে রুমা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. তাওকীর আহমেদ জানান, সীমান্তবর্তী পাহাড়ী এলাকার বাসিন্দারা এখনো উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ প্রেক্ষিতে মানবিক দায়িত্ববোধ থেকে রুমা ব্যাটালিয়ন সীমান্তের দুর্গম অঞ্চলে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। রুমা ব্যাটালিয়ন ইতোপূর্বেও স্থানীয় জনগণের কল্যাণে নানা মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।

