বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে বিসিসিআইয়ের নিজস্ব কর্মকর্তা ও সদস্যদের মধ্যে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গেও কোনো আলোচনা করা হয়নি, এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’।
মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের শীর্ষ পর্যায়ে। এক শীর্ষ বিসিসিআই কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “আমরা মিডিয়া থেকে এই সিদ্ধান্ত জানতে পেরেছি। কোনো আলোচনা হয়নি, এবং আমাদের পরামর্শও নেওয়া হয়নি।”
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রশ্নের জবাবে নিশ্চিত করেননি যে, সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ডে কোনো সভা ডাকা হয়েছিল কি না বা গভর্নিং কাউন্সিলকে বিষয়টি জানানো হয়েছিল কি না।
এর আগে ৩ জানুয়ারি দেবজিৎ সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, “সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে যে, তারা যদি চায় বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছাড়তে, সেই অনুমতি দেওয়া হবে।”

