কিছু দিন আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এবং তাদের ১৫ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়।
এরই মধ্যে সেই ১৫ দিনের সময়সীমা শেষ হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিসিবির পক্ষ থেকে জানানো হয়, জাহানারাকে তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি অতিরিক্ত কিছু সময় চেয়েছেন।
বিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে:
“সম্পূর্ণ এবং সুসংগঠিত পর্যালোচনা নিশ্চিত করার জন্য, প্রধান অভিযোগকারী প্রাক্তন নারী ক্রিকেট অধিনায়ক জাহানারা আলমকে স্বাধীন তদন্ত কমিটিকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ প্রদান করার জন্য বলা হয়েছিল। তিনি তার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। তাই স্বাধীন তদন্ত কমিটির সময়সীমা ১৫ কার্যদিবসের জন্য বাড়ানো হয়েছে। রিপোর্টটি এখন ২০ ডিসেম্বরের মধ্যে আশা করা হচ্ছে। বিসিবি ন্যায্য ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”
বিসিবি এ বিষয়ে আরও জানিয়েছে যে, তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে, যাতে সকল পক্ষের অভিযোগ এবং প্রমাণ যাচাই করা যায়।

