বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত প্রতিবেদন অবশেষে বিসিবির কাছে জমা পড়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হস্তান্তর করেছে। গত ৩১ জানুয়ারি তদন্ত কার্যক্রম শেষ করা হয়েছিল।
বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিবেদন গ্রহণ করেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা। তবে অধ্যাপক ডা. নাঈমা হক বিদেশে অবস্থান করায় উপস্থিত ছিলেন না।
তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম বলেন, “কমিটি নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগগুলোর বিস্তারিত অনুসন্ধান সম্পন্ন করেছে এবং প্রতিবেদনটি আজ আনুষ্ঠানিকভাবে বোর্ডে জমা দেওয়া হয়েছে। এখন এটি বিসিবির অভ্যন্তরীণ প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে জাহানারা আলম সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানি এবং অন্যান্য গুরুতর অভিযোগ উত্থাপন করেছিলেন।

