বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কোনো ‘বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি’ করা হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের কৃতি ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মন্তব্যের জবাব দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ক্রীড়া উপদেষ্টা দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও নিবন্ধিত ক্লাবের মাধ্যমে প্রভাব খাটিয়ে বিসিবির কমিটি গঠন করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হলেও তা তখন বিচারাধীন ছিল। পরে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে বোর্ড পুনর্গঠন করা হয়।
তিনি আরও জানান, পরে তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়, যা স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

