সত্যজিৎ দাস:
যুক্তরাজ্য ও ইউরোপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়,সামাজিক উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ পাচ্ছেন ‘প্রবাসী সম্মাননা ২০২৫’।
আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) সিলেটের কবি নজরুল অডিটোরিয়াম-এ সিলেট জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও কয়েকজন প্রবাসীকেও সম্মাননা দেওয়া হবে।
ব্যারিস্টার নাজির আহমদ একজন খ্যাতিমান আইনজীবী,সংবিধান বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সালিশি আইনের অভিজ্ঞ পেশাজীবী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং একই সঙ্গে ব্রিটিশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং ব্যারিস্টার। দীর্ঘ ২৬ বছরের বেশি সময় ধরে তিনি যুক্তরাজ্যের উচ্চ আদালতে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের কুইন মেরি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেন। ১৯৯৯ সালে অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে বার-এট-ল ডিগ্রি অর্জন করে ব্যারিস্টার হিসেবে আত্মপ্রকাশ করেন। ব্রিটিশ বার কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় চারটি ইন-এর সম্মিলিত ফলাফলে তিনি শীর্ষস্থান অর্জন করেন।
ব্যারিস্টার নাজির আহমদ চার্টার্ড ইনস্টিটিউট অব আর্বিট্রেটরস-এর ফেলো (FClArb),চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-এর ফেলো (FCMI) এবং রয়্যাল সোসাইটি অব পাবলিক হেলথ-এর ফেলো (FRSPH)। তিনি যুক্তরাজ্যের একটি স্বনামধন্য ল’ চেম্বারসের প্রতিষ্ঠাতা ও প্রধান,যা পূর্ব লন্ডনের অন্যতম Prestigious Best Law Firm হিসেবে স্বীকৃত।
২০১৮ সালে ব্যারিস্টার নাজির আহমদ রেকর্ড ভোট পেয়ে লন্ডন বরো অব নিউহ্যাম থেকে কাউন্সিলর নির্বাচিত হন। সে বছর যুক্তরাজ্যে নির্বাচিত ১১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলরের মধ্যে তিনি সর্বাধিক ভোটপ্রাপ্ত ছিলেন। পরবর্তীতে টানা তিন মেয়াদে তিনি নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ও ডেপুটি সিভিক অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন।
গত তিন দশক ধরে তিনি প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব আইন,ভোটাধিকার,পাসপোর্ট জটিলতা এবং পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত আইনি সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করেন এবং জাতীয় পর্যায়ে বিষয়টি ব্যাপক আলোচনায় আনেন।
ব্যারিস্টার নাজির আহমদ আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল-এর চেয়ারম্যান। তার তত্ত্বাবধানে সংস্থাটি বাংলাদেশের অসহায় মানুষের সহায়তা করছে এবং সিলেটে একটি প্রতিবন্ধী শিশু হাসপাতাল পরিচালনা করছে। এছাড়া তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন ‘ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন’ ও ‘Inspire a Million’,যা শিক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে।
আইন পেশার পাশাপাশি তিনি একজন প্রখ্যাত লেখক,গবেষক ও বিশ্লেষক। আইন,সংবিধান ও সমসাময়িক বিষয়ে তার লেখা নিয়মিতভাবে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়। ইতোমধ্যে তার বাংলা ও ইংরেজিতে ১০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বুদ্ধিবৃত্তিক অবদানের জন্য তিনি Royal Society of Arts (RSA)-এর ফেলোশিপ (FRSA) লাভ করেন।
বিশ্বের ৭২টি দেশ সফর করা এই আন্তর্জাতিক ব্যক্তিত্বের একমাত্র প্রত্যয়-দেশের মানুষের কল্যাণে কাজ করা এবং বাংলাদেশের উন্নয়নে নিজেকে নিবেদিত রাখা। তার এই বহুমাত্রিক অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে প্রদান করা হচ্ছে প্রবাসী সম্মাননা ২০২৫।

