স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামছে জায়ান্ট বার্সেলোনা। জিরোনার বিপক্ষে এই ম্যাচটি কাতালানদের জন্য কেবল শীর্ষে ফেরার লড়াই নয়, বরং সাম্প্রতিক হার থেকে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় জিরোনার মাঠে শুরু হবে এই দ্বৈরথ।
লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে ফিরতে জয়ের বিকল্প নেই কাতালানদের। ক’দিন আগে কোপা দেল রে’র সেমিফাইনালে প্রথম লেগে আটলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর এখন ঘুরে দাঁড়ানোর মিশনে কোচ হ্যান্সি ফ্লিকের দল।
জিরোনা নিজেদের মাঠে সবসময়ই ভয়ংকর প্রতিপক্ষ। বার্সেলোনাকে আটকাতে তারা রক্ষণাত্মক কৌশলের পাশাপাশি কাউন্টার অ্যাটাককে হাতিয়ার করতে পারে। ফলে শীর্ষে ফেরার পথে বার্সার জন্য আজ রাতটি হতে যাচ্ছে অগ্নিপরীক্ষার।

