দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। সংস্থাটির সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত কাউন্সিল সভায় এই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
বার কাউন্সিল ভবনে আয়োজিত ওই সভায় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ এস এম বদরুল আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান মো. মাইনুল আহসান, হাউজ কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান কাজী এনায়েত হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া কাউন্সিলের সদস্য এ টি এম ফয়েজ উদ্দিন, শাহ মো. খসরুজ্জামান এবং মো. নজরুল ইসলাম খানও সভায় অংশ নেন।

