লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা-র ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে সীমান্তের মেইন পিলার ৮৭৪/৫ এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (৪৯) উপজেলার ধবলগুড়ি এলাকার পূর্ব পানিয়াটারি গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে আলী হোসেনসহ সাত-আটজনের একটি দল ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলী হোসেন। পরে তার মরদেহ ভারতীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, নিহতের মরদেহ ফেরত আনার জন্য ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।

