সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে বাংলার মেয়েরা। বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ চারটি গোল করেন মুনকি আক্তার। এছাড়া হ্যাটট্রিক করেন তৃষ্ণা রাণী।
শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখরায় ম্যাচ শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তবে প্রথম গোলের দেখা পেতে ২৮ মিনিট সময় লাগে; মামনি চাকমার গোলে লিড পায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ চার মিনিটে আরও তিনটি গোল আসে—৪৩ মিনিটে তৃষ্ণা রাণী এবং ৪৪ মিনিট ও ইনজুরি সময়ে মুনকি আক্তার গোল করে। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ৪-০ লিড নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্নক খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৫৪ ও ৬০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রাণী। ৭৩ মিনিটে গোলের খাতা খুলেন আলপি আক্তার। ৮৬ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি।
প্রথমার্ধে দুই গোল করা মুনকি আক্তারও ৮১ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন। অধিনায়ক অর্পিতা বিশ্বাস ইনজুরি সময়ে একটি গোল করেন। শেষ পর্যন্ত ১২-০ গোলের বড় ব্যবধানে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের এই জোরালো শুরু দলকে টুর্নামেন্টে শীর্ষ স্থান ধরে রাখার পথে শক্তিশালী সূচনা দিয়েছে।

