প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে দুই দেশের চলমান বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।
সচিবালয়ে সোমবার (১৬ মার্চ) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও গভীর করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।
প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে বর্তমানে ক্রস-বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ রয়েছে। এই সংযোগকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। এটি শুধু বর্তমান সময়ের জন্যই নয়, দীর্ঘমেয়াদে দুই দেশের অর্থনীতির মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও জানান, বৈঠকে চলমান বিভিন্ন প্রকল্প, বিশেষ করে অর্থনৈতিক ও জ্বালানি খাতের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সংযোগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করা হয়েছে।
ভারতের ভিসা চালুর বিষয়ে জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি; সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

