মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী ও ইরানি জনগণের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় “ইরান সহায়তা বাংলাদেশ কমিটি” নামে একটি নতুন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার সেগুনবাগিচা তোপখানা রোডস্থ একটি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভাটি আয়োজন করা হয় “অসহায় ইরানি জনগণকে সহায়তায় বিশ্বাসী দেশপ্রেমিক সুধী সমাবেশ” শীর্ষক আলোচনার অংশ হিসেবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এস এম হানিফুল কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের স্বাধীণতা পার্টির সভাপতি আব্দুল গফুর মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ এ এম ফয়েজ হোসেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামসুল আলম, স্বদেশ পার্টির সভাপতি রফিকুল ইসলাম মন্টু, গণমুক্তি পার্টির সভাপতি আব্দুল মোনেম, মুসল্লি কমিটির সভাপতি আমির আলী হাওলাদারসহ মোট ২৫টি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে একটি সমন্বয় কমিটি গঠন করেন। এতে আব্দুল গফুর মিয়াকে আহ্বায়ক এবং এম এম ওবায়দুল্লাহ জয়-কে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে সংগঠনগুলোর নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

