বিএনপি সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে অর্থনীতি। স্থবির অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং তরুণদের প্রত্যাশা পূরণ করাই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রধান পরীক্ষা।
এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ‘বাংলাদেশ আফটার দি ভোট, ডেমোক্রেসি রিফ্রম ফরেইন পলিসি’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে ‘কাউন্টার পয়েন্টের’ সম্পাদক জাফর সোবহান বলেন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ছিল আন্দোলনের একটি বড় কারণ, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পথ তৈরি করেছিল। নতুন সরকার কিছু সময়ের জন্য জনসমর্থনের সুবিধা পাবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। তিনি আর্থিক স্থিতিশীলতা জোরদার, টাকার মান স্থিতিশীল রাখা এবং খেলাপি ঋণ কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৭ শতাংশে নেমে আসে, যা আগের বছর ছিল ৪.২ শতাংশ এবং ২০২৩ অর্থবছরে ছিল ৫.৮ শতাংশ। চলতি ও পরবর্তী অর্থবছরে প্রবৃদ্ধি ৪.৭ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট এবং বিশ্ব অর্থনীতির মন্দার কারণে সাম্প্রতিক বছরগুলোতে প্রবৃদ্ধি কমেছে, যেখানে আগের কয়েক দশক ধরে তা ৬ থেকে ৭ শতাংশের মধ্যে ছিল।
রেটিং সংস্থা মোডি’স তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার পরও আইনশৃঙ্খলার বিচ্ছিন্ন অবনতি ও পোশাক খাতে বিক্ষোভ অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব ফেলছে। নীতিগত দিকনির্দেশনা স্পষ্ট না হওয়ায় বিনিয়োগও কমে আছে। তবে ব্যাংকিং খাতে সুশাসন জোরদার, সংসদীয় কার্যক্রমে অগ্রগতি এবং বিনিময় হার আরও নমনীয় করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে অক্সফোর্ড ইকোনমিকস মনে করছে, উল্লেখযোগ্য ঝুঁকি থাকলেও বিএনপি বাজারমুখী অর্থনৈতিক নীতি বজায় রাখবে। সংস্থাটির মতে, আগামী নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বাণিজ্য সুবিধা কমে গেলে রপ্তানি আয়ে প্রায় ১৪ শতাংশ পর্যন্ত প্রভাব পড়তে পারে। বর্তমানে এলডিসি মর্যাদার কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত শুল্কমুক্ত প্রবেশাধিকারসহ নানা সুবিধা পাচ্ছে।
উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার পর ভিয়েতনাম ও ভারতের মতো দেশের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা বাড়বে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেবেন। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল শেখ হাসিনার পতনের পর তিনি সেখানে আশ্রয় নেওয়া এবং উভয় দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে।

