বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বর্তমানে জাপানের টোকিওতে দুই দিনব্যাপী ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’-এ অংশগ্রহণ করছেন। ফোরামটি ১৪ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হচ্ছে।
এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে ইউ.এস. ন্যাশনাল এনার্জি ডোমিনেন্স কাউন্সিল এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। আয়োজক হিসেবে উপস্থিত থাকবেন কাউন্সিলের চেয়ারম্যান ও মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম, ভাইস চেয়ারম্যান ও মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট, এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিওসেই।
সম্মেলনে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো—ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর-লেস্তে ও ভিয়েতনাম—এর জ্বালানি মন্ত্রীরা অংশগ্রহণ করছেন।
মন্ত্রীরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও স্থিতিশীল জ্বালানি ব্যবস্থার কৌশল নিয়ে আলোচনা করবেন। মূল ফোকাস থাকবে কীভাবে পর্যাপ্ত, নির্ভরযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ এবং দ্রুত সরবরাহযোগ্য জ্বালানি নিশ্চিত করা যায়।
ফোরামের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ যুক্তরাষ্ট্র, জাপান ও ব্রুনাইয়ের প্রতিনিধি ও মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করবেন।

