পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৭টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারযোগে পাঠানো হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিজিবি হেলিপ্যাড থেকে এই ব্যবস্থা নেওয়া হয়। হেলিকপ্টারে যেসব কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে, সেগুলো হলো: থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দলিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মোদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মোদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু ইউনিয়নের গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জিন্না পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের পাকনিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
হেলিকপ্টারযোগে সরঞ্জাম পাঠানোর সময় উপস্থিত ছিলেন বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের উপ-পরিচালক মো: জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার এবং নির্বাচন কর্মকর্তা মো: পারভেজ।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ ও সময়মতো ভোটগ্রহণ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এসব দুর্গম ৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২,৪০০ জন, যার মধ্যে নারী ভোটার ৬,০২২ জন এবং পুরুষ ভোটার ৬,৩৭৮ জন।

