দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সরকার রংপুর অঞ্চলে বাজেট বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, তিনি নিজেও রংপুরের সন্তান হিসেবে চেষ্টা করবেন যেন বাজেটে কোনো ধরনের বৈষম্য না থাকে। তিনি স্মরণ করিয়ে দেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে রংপুর পরিদর্শনকালে বলেছিলেন, এটি একটি সম্ভাবনাময় অঞ্চল। রংপুরে শিল্প-কারখানা নির্মাণ করে কর্মসংস্থান তৈরি করা হবে এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে সমানভাবে উন্নয়নের সুযোগ নিশ্চিত করা হবে।
আসাদুল হাবিব দুলু আরও বলেন, রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা উন্নয়নের জন্য সরকার একশ’ আশি দিনের পরিকল্পনা হাতে নিয়েছে। অতীতের বাজেট বৈষম্য ও এর ফলে তৈরি ক্ষোভ দূর করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রংপুর কোনো বৈষম্যের শিকার হবে না।
বৈঠকে বিভাগের আইনশৃঙ্খলা, মাদক পরিস্থিতিসহ অন্যান্য বিষয়ও আলোচনা করা হয় এবং মন্ত্রী সংশ্লিষ্টদের কার্যকর নির্দেশনা প্রদান করেন।

