এম. শাহীন আল আমীন, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শহর থেকে দাখিল পরীক্ষা কেন্দ্রের ভেন্যু গ্রামাঞ্চলে স্থানান্তর করাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
জানা গেছে, উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খয়ের উদ্দিন কামিল মাদরাসা ক্যাম্পাসে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও আসন্ন দাখিল পরীক্ষার কেন্দ্র অন্যত্র স্থানান্তর করা হয়েছে। নতুন ভেন্যু নির্ধারণ করা হয়েছে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসা–এ।
স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ শহর থেকে দূরবর্তী ওই মাদরাসায় যাওয়ার যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক দুর্বল এবং রাস্তা সরু হওয়ায় যান চলাচলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। ফলে পরীক্ষার সময় প্রশাসনের তদারকি কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া অতীতে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন পাবলিক পরীক্ষায় অনিয়ম ও নকলের অভিযোগ ওঠার কথাও স্থানীয়দের কেউ কেউ উল্লেখ করেছেন। এসব বিষয় বিবেচনায় রেখে উপজেলা প্রশাসন শহরের খয়ের উদ্দিন কামিল মাদরাসাকেই পরীক্ষা কেন্দ্র হিসেবে রাখার মতামত দিয়েছিল বলে জানা গেছে।
কিন্তু কোনো স্পষ্ট কারণ ছাড়াই আসন্ন দাখিল পরীক্ষার কেন্দ্র খয়ের উদ্দিন কামিল মাদরাসা থেকে বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসায় স্থানান্তর করা হয়েছে। এর ফলে উপজেলার প্রায় ১৬টি মাদরাসার শিক্ষার্থীদের শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া জানান, খয়ের উদ্দিন মাদরাসার অধ্যক্ষ দাখিল পরীক্ষা কেন্দ্রের ভেন্যু পরিবর্তন না করার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই বলেন, বিষয়টির তদন্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।
অন্যদিকে মিয়া মো. নুরুল হক, চেয়ারম্যান, মাদরাসা শিক্ষা বোর্ড বলেন, স্থানীয় প্রশাসন যেখানে উপযুক্ত মনে করবে, দাখিল পরীক্ষা কেন্দ্রের ভেন্যু সেখানেই নির্ধারণ করা হবে। এ বিষয়ে বোর্ড সরাসরি কোনো হস্তক্ষেপ করে না।

