ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই এ সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
জানা গেছে, ফারুকউজ্জামান মিয়া বর্তমানে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে দলীয় সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন থেকে নিজ এলাকার জনগণের কল্যাণে কাজ করতে চান।
সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

