মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
ফরিদপুরে রাজবাড়ীর অটোরিকশা চালক ফারুক তালুকদারকে (৪০) হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের আলোচিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে র্যাব-১০ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি রাজবাড়ী সদর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আব্দুল আলী শেখের ছেলে মো. শাহজাহান শেখ।
র্যাব সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ী জেলার নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন ফারুক তালুকদার। এ সময় কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে তার অটোরিকশা ভাড়া করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে তারা ফারুক তালুকদারকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।
পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার ২০২০ সালের ৭ মার্চ ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৮।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াই টার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি মো. শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হয়। এর আগে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানান, ঘটনার পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

