জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে আলোচিত খাদেম জয়নাল হত্যা মামলায় পীর তৌহিদুলের গ্রেপ্তারকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সুরেশ্বর দরবার শরীফ নিয়ে চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে দরবারটির উচ্চ পরিচালনা পরিষদ। বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের “Gulam E Janshorif” নামের একটি পেজ থেকে প্রকাশিত এক উন্মুক্ত বিবৃতিতে সুরেশ্বর দরবার শরীফ পরিচালনা পরিষদ এ বিষয়ে তাদের অবস্থান তুলে ধরে।
বিবৃতিতে বলা হয়, সুরেশ্বর দরবার শরীফ দেড় শতাব্দীরও বেশি সময় ধরে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী আধ্যাত্মিক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এই দরবার ইসলামের আধ্যাত্মিক শিক্ষা, তাসাউফের চর্চা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ এই আধ্যাত্মিক কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত এবং এখান থেকে তারা নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক দিকনির্দেশনা লাভ করে থাকেন।
পরিচালনা পরিষদের ভাষ্য অনুযায়ী, সুরেশ্বর দরবার শরীফ কোনো একজন ব্যক্তি বা নির্দিষ্ট পরিবারের প্রতিষ্ঠান নয়। বরং বহু পরিবার, খলিফা, পীর-মোর্শেদ, দরবেশ ও অসংখ্য আশেক-মুরীদের সমন্বয়ে গড়ে ওঠা একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এ দরবারের আওতায় স্বীকৃতিপ্রাপ্ত বিভিন্ন খলিফা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব নিজ নিজ গদিতে থেকে দায়িত্বশীলতার সঙ্গে তাসাউফের শিক্ষা ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তির ব্যক্তিগত বা পারিবারিক কর্মকাণ্ডের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তায়। সেই দায় কোনোভাবেই সুরেশ্বর দরবার শরীফ নামক আধ্যাত্মিক প্রতিষ্ঠানের ওপর বর্তায় না। পরিচালনা পরিষদ জানায়, সুরেশ্বর দরবার শরীফ সবসময় রাষ্ট্রের আইন, সংবিধান ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল। প্রতিষ্ঠানটি কখনোই আইনবহির্ভূত, অন্যায় বা সমাজবিরোধী কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না। বরং সমাজে ন্যায়, মানবিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।
বিবৃতির শেষাংশে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দীর্ঘ ঐতিহ্য ও আধ্যাত্মিক মর্যাদার অধিকারী এই প্রতিষ্ঠান সম্পর্কে মন্তব্য বা সিদ্ধান্ত নেওয়ার আগে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
উল্লেখ্য, গত ৪ মার্চ একটি অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমে শরীয়তপুরে খাদেম জয়নাল হত্যা এবং পীর তৌহিদুলের গ্রেপ্তার সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপরই এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়ে উন্মুক্ত বিবৃতি প্রকাশ করে সুরেশ্বর দরবার শরীফ পরিচালনা পরিষদ।

