বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরীণ বিষয়ে পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপ এবং অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর দাবি, আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে একজন ‘স্বনামধন্য ক্রিকেটার’ বর্তমানে লন্ডনে লবিংয়ে ব্যস্ত রয়েছেন।
আসিফ মাহমুদ তাঁর পোস্টে উল্লেখ করেন, ওই ক্রিকেটার সম্প্রতি লন্ডনে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি আইসিসি সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ-র সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করে দিতে পাপনকে অনুরোধ জানান।
আসিফ মাহমুদ সতর্ক করে বলেন, বিসিবি নির্বাচনে আগে থেকেই বিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে ‘রিচ’ করার চেষ্টা করা হয়েছিল। এখন অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইসিসি যেন কোনো ধরনের ‘ফাইন্যান্সিয়াল ব্যান’ বা কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তা নিশ্চিত করতেই জয় শাহর মাধ্যমে লবিং করা হচ্ছে। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর আইসিসির সাম্প্রতিক নিষেধাজ্ঞার উদাহরণ টেনে বাংলাদেশেও একই পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেন।
আসিফ মাহমুদ আরও দাবি করেন, বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পদত্যাগের জন্য চাপ দিচ্ছেন। যারা পদত্যাগে রাজি হচ্ছেন না, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে অথবা পরবর্তী বোর্ডে পদের প্রলোভন দেওয়া হচ্ছে। তিনি এই প্রক্রিয়াকে ‘এখতিয়ার বহির্ভূত’ বলে অভিহিত করেছেন।
জুলাই সনদ ও অধ্যাদেশ বাতিলের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত থাকলেও দেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘ফ্যাসিবাদের দোসর’ ও পার্শ্ববর্তী দেশের অন্তর্ভুক্তির খবর শুনে তিনি সরব হয়েছেন। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত? নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু।”
রোববার সকালে দেওয়া অন্য এক পোস্টে আসিফ মাহমুদ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন। তাঁর মতে, মন্ত্রণালয় বিসিবির ওপর যে তদন্ত করছে, তা নিয়মবহির্ভূত।

