ক্যাম্প ন্যু’য়ে ১০ জনের বার্সেলোনাকে ২-০ গোলে পরাজিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে এই মাঠে জয় পেলেন কোচ ডিয়েগো সিমেওনে। অন্য ম্যাচে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে একই ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, যারা সেমিফাইনালের পথে বড় সুবিধা নিয়ে রাখলো।
ক্যাম্প ন্যু’য়ে ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের শেষ দিকে। ৪৩ মিনিটে পাউ কুবার্সি লাল কার্ড দেখলে ১০ জনে নেমে আসে বার্সেলোনা। সেই সুযোগ কাজে লাগিয়ে হুলিয়ান আলভারেসের নিখুঁত ফ্রি-কিকে এগিয়ে যায় অ্যাটলেটিকো। এই গোলের মাধ্যমে ক্লাবের হয়ে এক মৌসুমে ৯ গোলের নতুন মাইলফলকও স্পর্শ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে একজন কম নিয়েও দারুণ লড়াই করে বার্সা। লামিনে ইয়ামাল ও মার্কাস রাশফোর্ডদের একের পর এক আক্রমণ থাকলেও গোলের দেখা মেলেনি। পুরো ম্যাচে ১৮টি শট নিয়েও ব্যর্থ হয় কাতালানরা।
এরই মধ্যে ৭০ মিনিটে বদলি নেমে সরলথ দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন। ২০০৬ সালের পর এই প্রথম ক্যাম্প ন্যু’য়ে জয় পেল অ্যাটলেটিকো, যা তাদের সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে রাখলো।
অন্য ম্যাচে প্যারিসে একচেটিয়া আধিপত্য দেখায় পিএসজি। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকে লিভারপুলকে চাপে রাখে লুইস এনরিকের দল। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে কাভারাৎসখেলিয়ার ব্যক্তিগত নৈপুণ্যে আসে দ্বিতীয় গোল।
মোহামেদ সালাহকে ছাড়াই মাঠে নামা লিভারপুল আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি। উল্টো দেম্বেলের একাধিক সুযোগ হাতছাড়া না হলে ব্যবধান আরও বাড়তে পারত। টানা তিন ম্যাচে হারের পর এখন ঘুরে দাঁড়াতে অলৌকিক কিছুর অপেক্ষায় অলরেডরা।

