পটুয়াখালী, দুমকি প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলায় আজ সকাল থেকে বেওয়ারিশ একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। কুকুরটির আকস্মিক ও আক্রমণাত্মক আচরণের কারণে উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছেন।
স্থানীয়রা জানান, কুকুরটি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও বাড়ির আশপাশের মানুষদের ওপর হামলা চালাচ্ছিল। আহতদের দ্রুত উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়।
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এনামুল হক জানিয়েছেন, ভ্যাক্সিনের অভাবে অনেক রোগীকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করতে হয়েছে। তিনি বলেন, “রোগীর সংখ্যা বেশি হওয়ায় আমরা যথাসম্ভব চেষ্টা করছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা জানান, বেওয়ারিশ কুকুরটিকে আটক করতে উপজেলা প্রশাসন থেকে একটি টিম নামানো হয়েছে এবং স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
স্থানীয়রা আতঙ্কিত হয়ে শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। প্রশাসন দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছে, নাহলে আরও মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

