২০২৬ সালের শুরুতেই পাকিস্তানি বিনোদন জগতে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবং গায়ক আসিম আজহারের পুরনো সম্পর্ক ফের ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, এই বছরেই তারা বিবাহের পথে যেতে পারেন। তবে এক জ্যোতিষী সতর্ক করেছেন, বিয়ে হলে সম্পর্কের অবনতি হতে পারে।
প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান ‘রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে বলেন, “২০২৬ সালে বিয়ে করলে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হানিয়ার উচিত এই সময়ে ক্যারিয়ারের দিকে বেশি মনোযোগ দেওয়া।”
২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট, কিন্তু ২০২০ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে যাওয়ার পর হানিয়া-আসিম জুটির পুনর্মিলনের গুঞ্জন আরও জোরালো হয়েছে। সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত এবং বিভিন্ন পাবলিক ইভেন্টে একসাথে উপস্থিতি ভক্তদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের আশা জাগাচ্ছে।
অন্যদিকে জ্যোতিষী কিনান চৌধুরী উল্লেখ করেছেন, তিনি হানিয়ার পূর্বের ব্রেকআপের পূর্বাভাস দিয়েছিলেন, যা পরে সত্যি প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, হানিয়া বর্তমানে নতুন কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন এবং এটি এই বছর বিবাহে রূপ নিতে পারে।
তবে সব জল্পনা-কল্পনার মাঝেও হানিয়া আমির বা আসিম আজহার কেউই এখনও বিয়ে সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ২০২৬ সালে ললিউডের এই জুটির বিয়ের বাস্তবতা বা জ্যোতিষীদের সতর্কবার্তা কতটা সত্যি, তা সময়ই দেখাবে।

