বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি ২০২৬, দুপুর ১২টা ৩০ মিনিটে উজিরপুর আর্মি ক্যাম্পে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আয়োজনে অনুষ্ঠিত সভায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় তারা ভোটকেন্দ্রে নিরাপত্তা, যাতায়াতের নিরাপত্তা ও সম্ভাব্য হয়রানি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। আর্মি ক্যাম্প কমান্ডার জানান, সংখ্যালঘু ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং যে কোনো অবৈধ প্রভাব বা ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও নেতৃবৃন্দকে অবিলম্বে সমস্যার তথ্য জানাতে আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

