সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে দেশের শিশুদের প্রতি দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, আমরা কি যথাযথভাবে শিশুদের জন্য দায়িত্বশীল আচরণ করছি।
স্ট্যাটাসে সাকিব আল হাসান উল্লেখ করেন, “রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু, টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু, সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে! এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়— সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।”
তিনি আরও লেখেন, “মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি। ওরা কেউ রাজনীতি বোঝে না, ধর্ম বোঝে না— তবুও তাদের জীবন দিতে হয়েছে। শিশুদের জন্য, শিশুদের ভবিষ্যতের জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য— সর্বোপরি শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?”
স্ট্যাটাস শেষে তিনি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ভালো থেকো, সুস্থ থেকো—আগামী গড়বার কারিগর, আমাদের আগামী প্রজন্ম।”

