মো. আফজাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর শহরে নির্বাচনী প্রতিহিংসার জেরে দাঁড়িপাল্লা প্রতীকের এক এজেন্ট ও জেলা যুব শক্তির সংগঠক আহসান হাবিব আরাফাত (১৮) এর ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা যুব শক্তির সংগঠক আহসান হাবিব আরাফাত জানান, তারাবির নামাজে যাওয়ার পথে ওত পেতে থাকা ৬-৭ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল হঠাৎ আরাফাতের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করে৷ এ সময় তার শোরচিৎকারে লোকজন এগিয়ে আসতে থাকলে, রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। আহত আরাফাত ষোলঘর এলাকার বাসিন্দা মাওলানা মামুনুর রশীদ পীরের ছেলে। ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের কারণে নির্বাচনী প্রতিহিংসা থেকেই এই হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় ছাত্রদলের একদল নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন স্থানীয় যুব শক্তির নেতাকর্মীরা।
ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে আহতের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ (পিপিএম) জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।
এদিকে, নির্বাচনী সহিংসতার এই ঘটনায় স্থানীয় যুব শক্তির নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

