প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৮ হাজার ৮৪৩ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কৃষিকাজে যুক্ত এসব সদস্যের আর্থিক চাপ কমেছে এবং তৃণমূল পর্যায়ে স্বস্তি ফিরে এসেছে।
রাজধানীর রাজারবাগে আনসার-ভিডিপি ব্যাংকের প্রধান কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দেশের আনসার ও ভিডিপির প্রায় ৬১ লাখ সদস্যের অধিকাংশই সরাসরি কৃষির সঙ্গে যুক্ত। ফলে কৃষিঋণ মওকুফের সুবিধা তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। এই কর্মসূচি বাস্তবায়নে সরকারের প্রায় ৭ কোটি টাকা ব্যয় হচ্ছে।
তিনি আরও জানান, বাহিনীর অল্পসংখ্যক সদস্য সরকারি চাকরিতে থাকলেও অধিকাংশই স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন। তারা বছরের নির্দিষ্ট সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখেন এবং বাকি সময়ে জীবিকার জন্য কৃষি ও সংশ্লিষ্ট কাজে যুক্ত থাকেন।
মীর মোফাজ্জল হোসেন বলেন, ১৯৯৫ সালে তৎকালীন সরকারের উদ্যোগে আনসার-ভিডিপি ব্যাংক প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। বর্তমানে ব্যাংকের মাধ্যমে লাখো সদস্যকে ক্ষুদ্র ও মাঝারি ঋণ দেওয়া হচ্ছে, যার আদায়ের হারও সন্তোষজনক।
তিনি জানান, সারা দেশে ২৬৩টি শাখার মাধ্যমে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সদস্যদের উন্নয়নে আরও শাখা সম্প্রসারণ ও মূলধন বৃদ্ধির প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে।

