জাহাঙ্গীর আলম (উপজেলা প্রতিনিধি)
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ভ্যানগাড়িতে চড়ে ভোটকেন্দ্রে আসেন এক বৃদ্ধা নারী। দীর্ঘ ১৭ বছর পর তিনি আবারও নিজের পছন্দ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দ প্রকাশ করেন।
বয়সের ভার ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অদম্য ইচ্ছা থেকেই পরিবারের সদস্যদের সহায়তায় ভ্যানগাড়িতে করে কেন্দ্রে পৌঁছান তিনি। ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে বৃদ্ধা বলেন,
“অনেক বছর ভোট দিতে পারিনি। আজ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।”
স্থানীয়রা জানান, বৃদ্ধার এ উদ্যোগ ভোটারদের মাঝে বাড়তি উৎসাহ তৈরি করেছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকায় সাধারণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতামূলক ব্যবস্থা রাখা হয়েছে।

