শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নেপালের মাটিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টেনিসবল ক্রিকেট সিরিজে অংশ নিতে আজ দেশ ত্যাগ করছে বাংলাদেশ টেনিসবল ক্রিকেট ফেডারেশন অব সৈয়দপুর। দেশের গণ্ডি পেরিয়ে হিমালয়ের দেশে প্রতি বছরের মত এবারও ১৮ সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল ইতোমধ্যে সৈয়দপুর থেকে যাত্রা শুরু করেছে। লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরতে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদের এই যাত্রা শুরু হয়।
প্রতিনিধি দলটি দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপর আজই সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
দেশের অভ্যন্তরে বিভিন্ন টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এই দলটি ইতিমধ্যে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। এবার বিদেশের মাটিতেও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য তাদের। দলের খেলোয়াড়রা অত্যন্ত আশাবাদী যে, তারা তাদের সেরাটা দিয়ে বিজয়ী হয়ে দেশের মান অক্ষুণ্ণ রাখবে। গত বছর এই টূর্ণামেন্টে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ তথা সৈয়দপুরের এই টিম।
টিমের দায়িত্বে আছেন উপদেষ্টা হিসেবে সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, ম্যানেজার তোফায়েল মোহাম্মদ আজম, সভাপতি অধ্যক্ষ সাবাহাত আলী সাব্বু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিল, অধিনায়ক কায়সার আহমেদ। বরাবরের মত নেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের বিজয় প্রত্যাশায় প্রতিনিধি দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছে সৈয়দপুরবাসী।

