নীলফামারীর ডিমলা থানার ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের অভিযুক্ত এক ব্যক্তির উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা।
রোববার (৮ মার্চ) বিকেলে ডিমলা উপজেলা সদরের স্মৃতি অম্লান চত্বরে ‘উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাকিল প্রধান, বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিনুর রহমান, জাতীয় ছাত্রশক্তি নীলফামারী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক উমর ফারুক, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজ, বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শরিফ এবং শিক্ষক মোশাররফ হোসেনসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত এবং পূর্বে কারাভোগ করা নুর ইসলাম (নুরুল ইসলাম) নামের এক ব্যক্তিকে ডিমলা থানার ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা দাবি করেন, ওই ব্যক্তি অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং তার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাকে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ঘটনায় তারা ওসির অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে থানার ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়নি। তাকে আমি চিনি না। তিনি কীভাবে সেখানে উপস্থিত হয়েছেন তাও জানি না। হয়তো থানা চত্বরে মসজিদে নামাজ পড়তে এসে নিজ থেকেই ইফতারে অংশ নিয়েছেন।
এদিকে ইফতার মাহফিলে ওই ব্যক্তির উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

